Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:04 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে পিকআপের চাপায় দুই শিক্ষার্থী আহত, সড়ক অবরোধ

মাদারগঞ্জে পিকআপের চাপায় দুই শিক্ষার্থী আহত, সড়ক অবরোধ

আব্দুর রহিম খান।।

মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ভেলামারী এলাকায় দ্রুতগতির একটি পিকআপের চাপায় প্রথম শ্রেণির দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা মাদারগঞ্জ-জামালপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী গ্রামের বাসিন্দা মো. শাওন (৭) ও মো. জিহাদ (৭) বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির পিকআপ তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গাড়িটি আটকের চেষ্টা করলেও সেটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহত শাওন (পিতা: মৃত জলিল, প্রথম শ্রেণি, রোল নং-৩০) গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর শিক্ষার্থী জিহাদ (পিতা: রইছ উদ্দিন, প্রথম শ্রেণি, রোল নং-১২) জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা দুজনই ভেলামারী গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, পিকআপ চালককে গ্রেফতার এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে মাদারগঞ্জ-জামালপুর মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, গুরুতর আহত শাওনের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। তার বাবা মৃত হওয়ায় চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। তাই শিশুটির চিকিৎসায় সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, ভেলামারী এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, স্পিড ব্রেকার নির্মাণ, প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত এবং দায়ী পিকআপ চালককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি।”

Advertisement