মোহাম্মদ গোলাম মোসফা।।
জামালপুরে আদালতের সমন সত্ত্বেও সাক্ষ্য দিতে উপস্থিত না হওয়ায় ডা. সানজিদা ইসলাম নামে এক নারী চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে সাজা পরোয়ানাও জারি করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ডা. সানজিদা ইসলাম জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী সার্জন (গাইনি) হিসেবে কর্মরত রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালে বকশীগঞ্জ থানায় দায়ের হওয়া একটি গণধর্ষণ মামলায় ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে মেডিকেল সনদ দাখিল করেন ডা. সানজিদা ইসলাম। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে তাকে একাধিকবার আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি উপস্থিত হননি।
এ অবস্থায় গত ২৯ জুন আদালত তাকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়ে ১ জুলাই আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেওয়ার জন্য নির্দেশনা দেন। তবে নির্ধারিত দিনেও তিনি আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাকে ২৫০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে সাজা পরোয়ানাও জারি করা হয়।




