Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:20 pm
বকশীগঞ্জ

ব্রহ্মপুত্রের ভাঙন থেকে উজান কলকিহারা গ্রাম রক্ষার দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন

ব্রহ্মপুত্রের ভাঙন থেকে উজান কলকিহারা গ্রাম রক্ষার দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন
মোহাম্মদ গোলাম মোস্তফা।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা গ্রামকে ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বুধবার (১ জুলাই) দুপুরে উজান কলকিহারা গ্রামের উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম আলী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোরহাব হোসেন, সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন এবং ইউনিয়ন কৃষক দল নেতা অছিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, গত প্রায় ২৫ বছর ধরে ব্রহ্মপুত্র নদের ভাঙনে উজান কলকিহারা গ্রামটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতোমধ্যে গ্রামের অধিকাংশ বসতভিটা, রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চলতি বর্ষা মৌসুমে নতুন করে ভাঙন শুরু হওয়ায় গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
তাদের অভিযোগ, দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ বা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করা না হলে চলতি বছরই পুরো উজান কলকিহারা গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
এ সময় গ্রামবাসী দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
Advertisement