মোহাম্মদ গোলাম মোস্তাফা।।
জামালপুরের বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার উপজেলা প্রেস ক্লাব, বকশীগঞ্জের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন।
মতবিনিময় সভায় তিনি বকশীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, স্থানীয় সমস্যা, সম্ভাবনা এবং গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। এ সময় তিনি বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি জি এম সাফিনুর ইসলাম মেজর, সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়ন-সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন।
এ সময় বক্তারা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থ রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উভয় পক্ষ ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।




