মোহাম্মদ গোলাম মোস্তাফা।।
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে টানা কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া প্রায় ৩০০ পরিবারের দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল।
জানা গেছে, রোববার (২৬ জুলাই) দুপুরে তিনি জলাবদ্ধতা কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের চিত্র সম্পর্কে অবগত হন। পরে তিনি নিজস্ব অর্থায়নে মাটি কেটে ড্রেন নির্মাণের মাধ্যমে জমে থাকা পানি অপসারণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই) সকাল থেকে ড্রেন খনন ও পানি নিষ্কাশনের কাজ শুরু হয়। এতে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভোগা এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
কাজ পরিদর্শনকালে সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, “টানা বর্ষণের কারণে ৫ নম্বর ওয়ার্ডের বহু পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছিল। মানুষের এই দুর্ভোগ লাঘবের লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। এলাকার পানি পুরোপুরি নেমে না যাওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত সময়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় তারা অনেকটাই স্বস্তি পেয়েছেন। মানবিক এই উদ্যোগের জন্য তারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বকশীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার




