মোহাম্মদ গোলাম মোস্তাফা।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ওষুধ ভেবে ভুলবশত কীটনাশক পান করার পর শাহ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহ আলী ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, শাহ আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তাঁর দৃষ্টিশক্তিও দুর্বল ছিল। নিয়মিত সেবনের জন্য ঘরে বিভিন্ন ধরনের ওষুধ রাখা ছিল। রোববার বিকেলে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তিনি ভুলবশত ওষুধের বোতল মনে করে কীটনাশকের বোতল থেকে পান করেন।
কিছুক্ষণ পর তাঁর স্ত্রী বাড়িতে ফিরে এসে শাহ আলীকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা উজ্জ্বল মিয়া বলেন, পরিবারের কারও সঙ্গে শাহ আলীর কোনো বিরোধ বা সমস্যা ছিল না। বয়সজনিত কারণে তাঁর দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে, সেই কারণেই তিনি ভুল করে কীটনাশক পান করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় কুশলনগর উত্তরপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের মধ্যে চলছে শোকের আবহ।




