আব্দুর রহিম খান।।
মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণের অভিযোগে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী চেয়ারম্যান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবক হলেন জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকার আলমগীরের ছেলে স্বাধীন (১৯)। তিনি পেশায় কাকড়াগাড়ি চালক।
মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দেও পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায় জানান, দণ্ড কার্যকরের জন্য শুক্রবার বিকেলে স্বাধীনকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।




