মোহাম্মদ গোলাম মোস্তফা।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌর শহরের নামাপাড়া এলাকায় চাচার ঘর থেকে আপন মিয়া (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (রাত) এ ঘটনাটি ঘটে। নিহত আপন মিয়া নামাপাড়া টিএন্ডটি রোড এলাকার ফকির আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত আনুমানিক ১০টার দিকে আপন মিয়া তার চাচা ইসমাইল হোসেনের ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাইরে না আসায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা খুলে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখেন স্বজনরা।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




