মাদারগঞ্জ প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়ার অভিযোগে ছাদুল্লাহ (৫০) নামে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫০০ টাকা বাজি ধরে পাখিটি ছিঁড়ে খাওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫০০ টাকা বাজি ধরে ছাদুল্লাহ একটি জীবন্ত পাখির পা ও ডানা মুচড়ে ভেঙে ফেলেন। পরে পাখিটি ছিঁড়ে খেয়ে ফেলেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাটি দেখতে বাজারে লোকজন জড়ো হন। তাঁদের কেউ কেউ উল্লাস করেন বলেও জানা গেছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে পুলিশ সুপারের নির্দেশে এবং মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ছাদুল্লাহকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর ছাদুল্লাহ নিজের ভুল স্বীকার করে বলেন, ‘৫০০ টাকা বাজিতে বিবেক দিয়ে নয়, আবেগে এ কাজ করেছি। এটা আমার সম্পূর্ণ ভুল হয়েছে।’
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে ছাদুল্লাহকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বন বিভাগের সঙ্গে কথা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এলে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।
জীবন্ত পাখির প্রতি এমন নিষ্ঠুর আচরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে। বাজি কিংবা বিনোদনের নামে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন ব্যক্তিরা।




