Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:24 pm
বকশীগঞ্জ

বকশীগঞ্জে হাতির আক্রমণে নিহত জয়নালের পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা

বকশীগঞ্জে হাতির আক্রমণে নিহত জয়নালের পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা
মোহাম্মদ গোলাম মোস্তফা।।
জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে নিহত জয়নাল আবেদীনের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মানবিক সহায়তার অংশ হিসেবে নিহতের পরিবারের হাতে ২৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন নিহত জয়নাল আবেদীনের স্ত্রী জমিরন বেগমের হাতে এ আর্থিক সহায়তার চেক তুলে দেন।
উল্লেখ্য, গত ২৬ জুন সকালে বকশীগঞ্জ উপজেলার মির্ধাপাড়া এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন জীবিকার তাগিদে পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরদিন সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথপাড়া এলাকার জঙ্গল থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, সীমান্ত পেরিয়ে ভারত থেকে নেমে আসা বন্য হাতির একটি দল ওই এলাকায় অবস্থান করছিল। লাকড়ি সংগ্রহের সময় জয়নাল আবেদীন হাতির আক্রমণের শিকার হয়ে নিহত হন।
এ ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেছে।
এদিকে, সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বন্য হাতির ক্রমবর্ধমান উপদ্রবে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। জানমাল রক্ষায় হাতির আক্রমণ প্রতিরোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Advertisement