আব্দুর রহিম খান।।
মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের দীঘলকান্দি এলাকায় ৭২ ঘণ্টা বন্ধ থাকার পর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ১৮টি পরিবারের যাতায়াতের রাস্তা পুনরায় উন্মুক্ত করা হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দেওয়ানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাস্তার ওপর দেওয়া বাঁশের বেড়া অপসারণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দীঘলকান্দি গ্রামের করিমুজ্জামান নামে এক ব্যক্তি বাঁশের বেড়া দিয়ে ১৮টি পরিবারের ব্যবহৃত যাতায়াতের রাস্তা বন্ধ করে দেন। ফলে নারী, শিশু, শিক্ষার্থী ও বয়স্কসহ এলাকাবাসী গত তিন দিন ধরে চরম দুর্ভোগে পড়েন।
ভুক্তভোগীরা বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দুই দফা লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দেওয়ান ঘটনাস্থলে গিয়ে তদন্ত শেষে প্রশাসনের উপস্থিতিতে রাস্তা উন্মুক্ত করে দেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবি, জমি নিয়ে কোনো বিরোধ নেই। তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে হয়রানি করার উদ্দেশ্যেই করিমুজ্জামান রাস্তা বন্ধ করে দেন। স্থানীয়রা জানান, উভয় পরিবার আত্মীয় এবং তাদের মধ্যে চাচা-ভাতিজার সম্পর্ক রয়েছে।
রাস্তা পুনরায় চলাচলের জন্য খুলে দেওয়ায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গোলাপ আকন্দ, রফিকুল আকন্দ, ইব্রাহিম আকন্দ, ইসমাইল আকন্দসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা বলেন, প্রশাসনের দ্রুত পদক্ষেপে দীর্ঘ ভোগান্তির অবসান হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত করিমুজ্জামানের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, “ভুক্তভোগীরা দুটি লিখিত অভিযোগ করেছিলেন। অভিযোগ পাওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে রাস্তা উন্মুক্ত করেছেন। ভবিষ্যতে কেউ জনদুর্ভোগ সৃষ্টি বা হয়রানিমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”




