মাদারগঞ্জ প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে ফুটপাত দখলমুক্ত করতে এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ফুটপাত ও জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে মালামাল রাখার দায়ে তিনজনকে মোট ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর নেতৃত্বে বালিজুড়ি বাজারের পণ্ডিতপাড়া এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফুটপাত ও জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে মালামাল রাখার দায়ে কৃষ্ণ পালকে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯০ ধারায় ২০০ টাকা, রফিককে একই আইনের ১৮৮ ধারায় ৫০০ টাকা এবং কামরুল হাসান বাবুকে ১৮৮ ধারায় ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, “ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। কেউ অবৈধভাবে ফুটপাত বা জনসাধারণের রাস্তা দখল করে মালামাল রাখলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
অভিযান চলাকালে বাজারের ব্যবসায়ীদের ফুটপাত দখল না করে নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়। পাশাপাশি জনস্বার্থে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানায় উপজেলা প্রশাসন।




