মোহাম্মদ গোলাম মোস্তফা।।
জামালপুর-রৌমারী মহাসড়কে অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজা উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে বকশীগঞ্জ উপজেলার তিনানীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।
পুলিশ জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে জামালপুর-রৌমারী মহাসড়কের তিনানীপাড়া এলাকায় যানবাহনে তল্লাশি চালাচ্ছিল হাইওয়ে পুলিশের একটি দল। এ সময় একটি মোটরসাইকেলের পেছনে একটি বস্তা বহন করতে দেখে চালককে থামার সংকেত দেওয়া হয়।
সংকেত পেয়ে চালক কিছু দূর এগিয়ে মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যান। এতে পুলিশের সন্দেহ হলে পরিত্যক্ত মোটরসাইকেল ও বস্তা তল্লাশি করা হয়। পরে বস্তার ভেতর থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, উদ্ধার করা গাঁজা ও জব্দকৃত মোটরসাইকেল বর্তমানে থানার হেফাজতে রয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




