মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের মাদারগঞ্জে গলায় ম্যাজিক বল আটকে ইরামনি নামে ১১ মাস বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের দীঘলকান্দী গ্রামে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে ইরামনি বিছানায় বসে খেলতে খেলতে একটি ম্যাজিক বল মুখে দেয়। মুহূর্তেই বলটি গলায় আটকে যায়। পরিবারের লোকজন অনেক চেষ্টা করেও বের করতে না পেরে তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি মারা যায়।
শিশুটির বাবা ইব্রাহিম জানান, “আমি কাজে বাইরে ছিলাম। খবর পেয়ে দৌড়ে বাড়ি এসে দেখি আমার মেয়ে অচেতন হয়ে পড়ে আছে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।”
শিশুর নানা আব্দুস সালাম মণ্ডল বলেন, “সকালে খেলতে খেলতেই গলায় বল আটকে যায়। আমরা কিছুতেই বের করতে পারিনি। এভাবেই আমার নাতনিকে হারাতে হলো।”
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবু রায়হান জানান, “শিশুটিকে সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে আনা হয়। পরিবারের কাছ থেকে আমরা জানতে পারি খেলনা বল গলায় আটকে গেছে। পরীক্ষা করে দেখি বলটি অনেকটা ভেতরে চলে গেছে, এখান থেকে বের করা সম্ভব নয়। তাই দ্রুত জামালপুরে রেফার্ড করা হয়।”
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, “শিশুদের হাতে কখনোই ছোট ও বিপজ্জনক খেলনা দেওয়া উচিত নয়। এগুলো প্রাণঘাতী ঝুঁকি তৈরি করতে পারে। সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।”




