স্টাফ রিপোর্টার||
জামালপুরের মাদারগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার হয়েছেন।
গ্রেফতার হলেন চর পাকেরদহ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ (৩৫)।
তিনি ওই ইউনিয়নের পশ্চিম পাড়ার আলহাজ নুরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ।
জানা যায়, চর পাকেরদহ গ্রামের কালু মন্ডলের ছেলে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী নাছির চিকু (২৫) দীর্ঘদিন ধরে রাজনৈতিক আশ্রয়ে এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত পৌনে ১০টায় বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ।
এ সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদের নেতৃত্বে দলীয় কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে নাছিরকে ছিনিয়ে নেয়। হামলায় এএসআই মুজিবুর রহমান ও এএসআই নাইমুর রহমান আহত হয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
পরে এসআই হাসিব আল মাহফুজ বাদী হয়ে সরকারি কাজে বাধা, পুলিশে হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১৮৬০ সালের দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩৫৩/৩৩২/১৮৬/৩৪ ধারায় মামলা দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ ৬০-৭০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।
পুলিশ রাতভর অভিযান চালিয়ে এরমধ্যে পাঁচজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
তারা হলেন- আজিজুল হক বাবু (৩২), রাসেল (৩৪), স্বপন (২৮), সুজা মন্ডল (৫৫) ও আবু সাইদ (৩৫)।
ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতার সম্পৃক্ততা স্পষ্ট। ভিডিও ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করা হচ্ছে। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত গ্রেফতার করা হবে।




