Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:55 pm
ময়মনসিংহ বিভাগ

অবশেষে ময়মনসিংহের ৬ জেলার বাস চলাচল শুরু

অবশেষে ময়মনসিংহের ৬ জেলার বাস চলাচল শুরু

অবশেষে জেলা প্রশাসনের হস্তক্ষেপে টানা ৮ ঘণ্টা পর বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার বাস চলাচল শুরু হয়েছে। এতে যাত্রীদের মধ‍্যে স্বস্তি ফিরে এসেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টা থেকে বন্ধ থাকা বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

Advertisement

এর আগে এদিন রাত সাড়ে ৮টার দিকে উদ্বুদ্ধ পরিস্থিতি নিরসনে জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলমের আহ্বানে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন জেলা প্রশাসন।

এতে পরিবহন মালিকদের সঙ্গে দীর্ঘ আলোচনায় ঘটনার তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।

এ সময় জনভোগান্তি লাঘবে পরিবহন মালিক সমিতি বাস চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত হয়।

এতে জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ পরিবহন মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম, মহাসচিব রতন আকন্দ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম মাহাবুবুল আলম, লিটন আকন্দ, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলামসহ পরিবহন নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জেলা প্রশাসক মো. মুফিদুল আলম সাংবাদিকদের জানান, বাস কাউন্টারে ভাঙচুরের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ সময় সবার মতামতের ভিত্তিতে বাস চলাচল শুরু হয়েছে।

জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বলেন, উদ্ভূত পরিস্থিতি নিরসনে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনার ম‍াধ‍্যমে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেই সঙ্গে হামলা ভাঙচুরের ঘটনায় তদন্তপূর্বক পদক্ষেপ গ্রহণ করা হবে।

এর আগে ময়মনসিংহে পরিবহন মালিকদের অভ্যান্তরীণ দ্বন্দ্বে এদিন দুপুরে নগরীর মাসকান্দা বাস কাউন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এর প্রতিবাদে দুপুর ২টা থেকে বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি- মালিক সমিতির অভ্যান্তরীণ দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.