সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ‘বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প’র আওতায় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি অফিসের উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহছেন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক ও কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে জাকিয়া সুলতানা বলেন, “ফসলের নিবিড়তা বৃদ্ধি করে উৎপাদন বাড়ালে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। কৃষকবান্ধব সরকার কৃষকদের কল্যাণে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রণোদনার মাধ্যমে সর্বদা পাশে রয়েছে।”
মেলায় কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য, কৃষি প্রযুক্তি, নার্সারি ও বিভিন্ন ফল-ফসলের বাহারী প্রদর্শনী ও স্টল স্থান পায়, যা কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।




