Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:01 pm
জামালপুর

সরিষাবাড়ীতে সাংবাদিককে কুপিয়ে আহত করল দুর্বৃত্তরা

সরিষাবাড়ীতে সাংবাদিককে কুপিয়ে আহত করল দুর্বৃত্তরা

সরিষাবাড়ী প্রতিনিধি:

কাজ শেষে ভাড়া বাসায় ফেরার পথে এনটিভি ও দৈনিক আমার দেশ-এর সাংবাদিক হাফিজুর রহমানকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

রোববার (১১ অক্টোবর) রাত ৩টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সেঙ্গুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

আহত হাফিজুর রহমান ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি টাঙ্গাইল নর্থের যুগ্ম সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সদস্য।

হাফিজুর রহমান জানান, শনিবার রাত ১১টার দিকে ধনবাড়ী থেকে কাজ শেষে মোটরসাইকেলে সরিষাবাড়ীর উদ্দেশে রওনা হন তিনি। পথে তাঁর মোটরসাইকেলটি বিকল হয়ে যায়। সেটি মেরামত করে গন্তব্যে পৌঁছাতে রাত প্রায় ৩টা বেজে যায়। এ সময় সরিষাবাড়ী উপজেলার সেঙ্গুয়া এলাকায় পৌঁছালে সামনে একটি পিকআপ ভ্যান দেখতে পান তিনি। হর্ন দিয়ে সাইড চাইলে ভ্যানটি জায়গা না দিয়ে হঠাৎ পাঁচ-ছয়জন ব্যক্তি রামদা নিয়ে নেমে আসেন।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা প্রথমে তাঁর মোটরসাইকেলে কোপ দিয়ে সেটি চলাচলের অনুপযোগী করে ফেলে। এরপর তাঁর বাম হাতে কোপ দেয়। এ সময় তিনি ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করলে হামলাকারীরা তাঁকে ছেড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করেন।

ঘটনার কিছুক্ষণ পর সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় বাসিন্দা এম এ রউফ বলেন, “চিৎকার শুনে আমরা ছুটে এসে তাঁকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে পুলিশকে খবর দেওয়া হয়। কারা তাঁর ওপর হামলা করেছে, তা আমরা জানি না।”

এ ঘটনায় ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন গভীর দুঃখ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেনও এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি দ্রুত হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

Advertisement