জামালপুরের মেলান্দহে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে স্তূপ করে রাখা হার্ডবোর্ডের নিচে চাপা পড়ে মোস্তাক আহমেদ মুস্তাকিন (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টার দিকে মেলান্দহ বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাক আহমেদ মুস্তাকিন উপজেলার চাকদহ সরদারবাড়ী এলাকার আজিজুল হকের ছেলে। তিনি মেলান্দহ বাজারের সরকার থাই অ্যান্ড গ্লাসের দোকানের মালিক ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দোকানে মালামাল বিক্রির সময় তিনি গোডাউনে গিয়ে বোর্ড টানাটানির কাজ করছিলেন। এ সময় অসতর্কভাবে রাখা ভারী হার্ডবোর্ডের একটি স্তূপ তার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় ব্যবসায়ীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।




