ময়মনসিংহের গফরগাঁওয়ে এবার জুলাই যোদ্ধার স্বাস্থ্য কার্ড পেয়েছেন তারা মিয়া নামের এক যুবলীগ নেতা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছে।
বুধবার (২৫ জুন) বিকেলে গফরগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই যোদ্ধাদের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়।
মশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম চমক ফকির বলেন, তারা মিয়া আমার ইউনিয়নের যুবলীগ সদস্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তালিকা অনুযায়ী আমরা কার্ড বিতরণ করেছি। মন্ত্রণালয় গেজেট প্রকাশ করে এ তালিকা তৈরি করেছিল। আমরা সে অনুযায়ী কার্ড দিয়েছি। তবে আবেদনকারীর বাড়ি গফরগাঁও হলেও তিনি আবেদন করেছিলেন ঢাকায়।
তিনি আরও বলেন, আমরা ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছি। যদি ওই ব্যক্তি জুলাই আন্দোলনে অংশ নেওয়ার সঠিক প্রমাণাদি দিতে না পারেন, তাহলে দাপ্তরিকভাবে পদক্ষেপ গ্রহণ করে তার গেজেট বাতিল করা হবে।
এ বিষয়ে জানতে তারা মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।




