বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের বকশীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে এক ব্যবসায়ীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সার ব্যবসায়ী আশরাফুল ইসলাম শাহীন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ডাকপাড়া গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে আশরাফুল ইসলাম শাহীন অভিযোগ করে বলেন, গত ১৬ অক্টোবর সন্ধ্যায় একটি ভ্যানগাড়িতে করে ২০ বস্তা সার বগারচর এলাকার দিকে পাচারের সময় স্থানীয় কৃষকরা গাড়িটি আটক করেন।
তিনি জানান, সারগুলোর কোনো বৈধ কাগজপত্র না থাকায় কৃষকরা বিষয়টি তাৎক্ষণিকভাবে উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবগত করেন। কিন্তু ওই সময় স্থানীয় হালিম মিয়া নামের এক ব্যক্তি জোরপূর্বক সারগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। আমি বিষয়টির প্রতিবাদ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
শাহীন আরও অভিযোগ করেন, ওই ঘটনার পর হালিম মিয়া ও যুবদল নেতা তাহের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার শুরু করেন। তাদের অপপ্রচারের ফলে তিনি ও তার পরিবার সামাজিকভাবে অপমানিত ও মানহানির শিকার হচ্ছেন।
তিনি বলেন, “আমি একজন নিয়মিত ব্যবসায়ী। বৈধভাবে সার বিক্রি করে জীবিকা নির্বাহ করি। কিন্তু হালিম মিয়া ও তাহের রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের বিভিন্ন বাজারে সার সরবরাহ করে থাকেন। তারা বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছেন।”
সংবাদ সম্মেলনে আশরাফুল ইসলাম শাহীন এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সম্মানহানি করায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।




