নিজস্ব প্রতিবেদক: জামালপুর পৌরসভার রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকার একটি ভাড়াকৃত বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মো. দুলাল নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে পরিচালিত অভিযানে ঘরটির খাটের নিচ থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত মো. দুলালের বর্তমান ঠিকানা জামালপুর পৌরসভার রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকা। তাঁর পিতার নাম মৃত ইসমত আলী এবং মাতার নাম সূর্য বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত্র সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকায় মো. দুলালের ভাড়াকৃত বসতঘরে গাঁজার পাইকারি ব্যবসা পরিচালনার তথ্য পাওয়া যায়। পরে প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর সোমবার ভোরে বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক মো. আরিফ মিয়া, মো. শরিফুল ইসলাম ও মো. আকরাম হোসাইনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম ওই বাড়িতে অভিযান পরিচালনা করে।




