৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর কেরামতিয়া মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, এনসিপি আত্মপ্রকাশ করেছে এক মাস হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের মনোনয়ন দিতে।
তিনি বলেন, বিগত এক যুগ ধরে বাংলাদেশে গণমানুষের রাজনীতি ছিল না। রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আঁধারে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া।
উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, এনসিপি যদি জনগণের চাওয়া অনুযায়ী কাজ করতে পারে, তাহলে জনগণ তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে।
চলতি মাসেই জেলা ও উপজেলা কমিটি দেওয়া হবে বলে জানান সারজিস।




