বিদ্যমান সংবিধানের ‘জাতির পিতা’ বিধান বিলুপ্তির সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। একই সঙ্গে বাহাত্তরের সংবিধানে ফ্যাসিবাদের বীজ নিহিত থাকা এবং সংবিধানের মূলনীতি হিসেবে ‘ধর্মনিরপেক্ষতা’ রাষ্ট্রে বিভক্তি ও বিভ্রান্তির সৃষ্টি করেছে মন্তব্য করেছে কমিশন।
শনিবার বিকালে প্রকাশিত সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের পূর্ণাঙ্গ প্রতিবেদনে এ মন্তব্য করা হয়। পাঁচ খণ্ডের পূর্ণাঙ্গ সুপারিশ কমিশন ও মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর আগে সংবিধান সংস্কার কমিশন গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের সুপারিশ হস্তান্তর করে।
সংবিধানে ‘জাতির পিতা’ বিধান ও শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শনের বাধ্যতামূলক করার বিধান বাতিলের সুপারিশ করে কমিশনের প্রতিবেদনে বলা হয়, এ ধরনের বিধান ব্যক্তি বন্দনাকে উৎসাহিত করে, স্বৈরতন্ত্রের পথ সুগম করে। ‘বাংলাদেশ’ অগণিত বরেণ্য মানুষের নেতৃত্ব, আত্মত্যাগ ও অবদানের সামষ্টিক ফসল। এ রক্তস্নাত মাতৃভূমিতে একক ব্যক্তিকে ‘জাতির পিতা’ হিসেবে অভিহিত করার কোনো ঐতিহাসিক ভিত্তি বা বাস্তবতা নেই।
