সাজ্জাদ হোসাইন শাহিন-স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রাম থেকে দুই স্কুলছাত্রী গত সাতদিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আফসানা আক্তার (১৩) এবং স্থানীয় একটি নূরানী মাদ্রাসার শিক্ষার্থী আশা মনি (১১)।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ জুন বিকেল আনুমানিক ৫টার দিকে আফসানা ও আশা বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় আফসানা আক্তারের বাবা মো. আল আমিন বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত দুই শিক্ষার্থীর কোনো সন্ধান মেলেনি।
এদিকে, টানা সাতদিন ধরে মেয়েদের খোঁজ না পাওয়ায় দুই পরিবারই চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। স্বজনরা দ্রুত সময়ের মধ্যে তাদের উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, “নিখোঁজ দুই ছাত্রীর বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তাদের অবস্থান শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দ্রুত তাদের সন্ধান পেতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”




