আব্দুর রহিম খান।।
মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন সমবায় সমিতির গ্রাহকরা আমানতের টাকা ফেরতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শত শত ভুক্তভোগী গ্রাহক অংশ নেন। আন্দোলনকারীরা উপজেলা পরিষদের প্রধান ফটক ও বিভিন্ন দপ্তরের সামনে অবস্থান নেওয়ায় উপজেলা পরিষদের অধিকাংশ সরকারি অফিসের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমিতিতে জমা রাখা অর্থ ফেরতের দাবিতে তারা আন্দোলন করে আসছেন। একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করলেও কোনো কার্যকর সমাধান না হওয়ায় তারা পুনরায় কঠোর কর্মসূচি পালন করছেন।
অবস্থান কর্মসূচির কারণে উপজেলা পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারেননি।
আন্দোলনকারীরা বলেন, আমানতের অর্থ ফেরতের বিষয়ে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।




