Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:36 pm
বকশীগঞ্জ

বকশীগঞ্জে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, কৃষির টেকসই উন্নয়নে গুরুত্বারোপ

বকশীগঞ্জে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, কৃষির টেকসই উন্নয়নে গুরুত্বারোপ
মোহাম্মদ গোলাম মোস্তফা।।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে কৃষি খাতের উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) উপজেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম-এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার এবং বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী।
আলোচনা সভায় বক্তারা কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। কৃষক পার্টনার স্কুলের মাধ্যমে কৃষকদের সচেতনতা বৃদ্ধি, অর্গানিক ও জৈব বালাইনাশকের ব্যবহার সম্প্রসারণ, সঠিক পদ্ধতিতে সার ও কীটনাশক প্রয়োগ এবং নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া কৃষি উৎপাদনে বৈচিত্র্য আনয়নের পাশাপাশি ভুট্টা চাষের পরিবর্তে অধিক পরিমাণে ধান চাষে কৃষকদের উৎসাহিত করা হয়। আলু চাষিদের সংরক্ষণ সংকট নিরসনে এলাকায় আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়েও জোর দেওয়া হয়।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কৃষির টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়।
Advertisement