শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে ২৮টি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। রং, সাজসজ্জা ও অলংকরণের কাজ সম্পন্ন করে পূজার জন্য প্রস্তুত করা হয়েছে প্রতিমাগুলো। শুক্রবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ইতোমধ্যে শেষ হয়েছে সার্বিক প্রস্তুতি। প্রতিমাশিল্পীদের নিপুণ হাতে তৈরি দেবী দুর্গা ও তাঁর পরিবারের প্রতিমাগুলোতে ফুটে উঠেছে শিল্পীদের সৃজনশীলতা ও দক্ষতা। উৎসবকে নির্বিঘ্ন করতে মণ্ডপগুলোতে নেওয়া হয়েছে নিরাপত্তাব্যবস্থাও।
মাদারগঞ্জ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন চন্দ্র রায় জানান, উপজেলার ২৮টি মণ্ডপে যথাযথভাবে দুর্গাপূজা উদযাপিত হবে। বৃহস্পতিবার সকাল থেকে প্রতিটি মণ্ডপে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শুক্রবার থেকে পুলিশ সদস্য ও মন্দির কমিটির স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করবেন। পূজার আনুষ্ঠানিকতা শুরুর আগে সব মণ্ডপ পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় বলেন, দুর্গাপূজা ঘিরে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ এই উৎসব। সবার সহযোগিতায় আনন্দঘন ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা সংশ্লিষ্টদের।




