Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:36 pm
অন্যান্য

মাদারগঞ্জে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শো-ডাউন, বিশ্বকাপের উন্মাদনায় মুখর জনপদ

মাদারগঞ্জে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শো-ডাউন, বিশ্বকাপের উন্মাদনায় মুখর জনপদ

আব্দুর রহিম খান
মাদারগঞ্জ প্রতিনিধি

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মোটরসাইকেল শো-ডাউন। শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই শতাধিক ব্রাজিল সমর্থক মোটরসাইকেল নিয়ে এ শো-ডাউনে অংশগ্রহণ করেন। হলুদ-সবুজ পতাকা, ব্রাজিলের জার্সি ও নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো জনপদ।

Advertisement

শো-ডাউনটি বালিজুড়ী এফ এম হাইস্কুল মাঠ থেকে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে মাদারগঞ্জ উপজেলা হাওয়াই রোড়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ব্রাজিলের জাতীয় পতাকা উড়িয়ে নিজেদের প্রিয় দলের প্রতি সমর্থন জানান। মোটরসাইকেলের দীর্ঘ বহর দেখে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও উৎসাহের সঙ্গে শোভাযাত্রা উপভোগ করেন।

আয়োজকরা জানান, ফুটবল বিশ্বকাপ শুধুমাত্র একটি খেলা নয়, এটি বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের আবেগের নাম। সেই আবেগ ও ভালোবাসা থেকেই ব্রাজিল সমর্থকদের এই আয়োজন। তারা বলেন, “ব্রাজিল বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল দল। আমরা আশা করি এবারের বিশ্বকাপেও দলটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেবে এবং শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে থাকবে।”

শো-ডাউনে অংশ নেওয়া সমর্থকদের মধ্যে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই মোটরসাইকেল সাজিয়েছিলেন ব্রাজিলের পতাকা, স্টিকার ও ব্যানারে। পুরো শোভাযাত্রাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, এমন আয়োজন এলাকায় উৎসবের আমেজ তৈরি করেছে। বিশ্বকাপ উপলক্ষে ফুটবলপ্রেমীদের মধ্যে যে উচ্ছ্বাস রয়েছে, এই শো-ডাউন তারই বহিঃপ্রকাশ।

শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে ব্রাজিল সমর্থকরা বিশ্বকাপ চলাকালে আরও বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক আয়োজনের ঘোষণা দেন। তাদের প্রত্যাশা, প্রিয় দল ব্রাজিল মাঠের খেলায় সাফল্য এনে সমর্থকদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে।

Advertisement