Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

যাত্রা শুরু করলো ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’: গণভোটে হ্যাঁ ভোটের আহ্বান প্রধান উপদেষ্টার

যাত্রা শুরু করলো ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’: গণভোটে হ্যাঁ ভোটের আহ্বান প্রধান উপদেষ্টার

Oplus_131072

আতিকুর রহমান আতিক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে সারাদেশে জনসচেতনতা তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘ভোটের গাড়ি’—সুপার ক্যারাভান।
সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে দশটি সুপার ক্যারাভানের যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিনি বলেন, এই লক্ষ্যকে সামনে রেখে ১০টি ভোটের গাড়ি—সুপার ক্যারাভান যাত্রা শুরু করেছে। এসব গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে জনগণের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচন ও গণভোট বিষয়ে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।
প্রধান উপদেষ্টা বলেন, “ভোটাধিকার কারো দয়া নয়—এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করি। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের নয়, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “সুপার ক্যারাভান কেবল একটি গাড়ি নয়, এটি গণতন্ত্রের আনন্দবানী বহনকারী বহর। এটি জানিয়ে দেবে—একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ এবং নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে।”
তরুণ সমাজ, নারী ভোটার ও প্রথমবারের ভোটারদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, “আপনারা এগিয়ে আসুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আপনাদের সিদ্ধান্তেই গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ—নতুন বাংলাদেশ।”
তিনি বলেন, “আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা—থাকবে জনগণের মুক্ত ও নির্ভীক মতপ্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
এবারের নির্বাচনে জুলাই জাতীয় সনদে গণভোটের প্রসঙ্গ তুলে ধরে প্রফেসর ইউনূস বলেন, দীর্ঘ নয় মাস ধরে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এই সনদ প্রণয়ন করা হয়েছে। জনগণ সমর্থন দিলে এটি দেশকে দীর্ঘমেয়াদে নিরাপদ ও স্থিতিশীল পথে এগিয়ে নেবে। সনদ সমর্থন করলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
শেষে তিনি বলেন, “চলুন, আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। ভোট দিন—নিজের জন্য, দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য।”

Advertisement

Advertisement