স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ স্ট্যাটাস দিয়ে স্বেচ্ছায় রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল হাসান (বাহারম)।
শনিবার (২৫ এপ্রিল) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারি এলাকার রফিকুল ইসলামের ছেলে।
ফেসবুক পোস্টে মো. রাশেদুল হাসান (বাহারম) লিখেছেন—
“আসসালামু আলাইকুম। আমি আপনাদের কারো প্রিয়, কারো অপ্রিয় হতে পারি। তবে সব সময় সমাজ ও দেশের কল্যাণে কথা বলেছি, ভবিষ্যতেও বলবো— সে যেই হোক না কেন।
সত্য কথা বলার জন্য কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন হয় না। আমি, মো. রাশেদুল হাসান (বাহারম), বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। কিন্তু এখন থেকে আমি স্বেচ্ছায় রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি।
পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে পড়ায় রাজনীতিতে সক্রিয় থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই পরিবারের দায়িত্ব পালন ও পেশাগত জীবনে মনোযোগ দিতে আমি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
আমি এই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলাম, আছি এবং থাকবো। ধন্যবাদ।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরিবারের সম্পূর্ণ দায়িত্ব তার ওপর থাকায় রাজনীতিতে সময় দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে নিজের পেশায় মনোযোগ দিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল জানান, রাশেদুল হাসান (বাহারম) আগের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে তার রাজনীতি ছাড়ার বিষয়টি তিনি এখনো আনুষ্ঠানিকভাবে জানেন না।
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা ছাত্রদল নেতার
Oplus_131072




