মুক্তকাল রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটকের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সকল পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করেছে স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখা।
শুক্রবার (৯ জানুয়ারি) জেলা শাখার দপ্তরের দায়িত্বে থাকা সদস্য তৌহিদুল ইসলাম তারেকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করায় জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত মোতাবেক মিনারুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, জেলা শাখার আহ্বায়ক মো. আরমান হোসেন ও সদস্য সচিব মো. ইদ্রিস আলীর নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে নাগেশ্বরী উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে উত্তর সংগ্রহের প্রস্তুতিকালে বিশেষ প্রযুক্তিসম্পন্ন ডিভাইসসহ মিনারুল ইসলামসহ ১১ জনকে আটক করে পুলিশ। উপজেলা শহরের একটি পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
মিনারুল ইসলাম বর্তমানে পুলিশের হেফাজতে থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরমান হোসেন বলেন, “দলীয় শৃঙ্খলা রক্ষায় অভিযুক্ত মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।”
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায়: স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার
Oplus_131072




