Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
অন্যান্য

দেওয়ানগঞ্জে স্ত্রী ও নাবালক সন্তান অপহরণের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন

দেওয়ানগঞ্জে স্ত্রী ও নাবালক সন্তান অপহরণের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন

Oplus_131072

মো:আবুসাঈদ গালিব,দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
দেওয়ানগঞ্জে স্ত্রী ও নাবালক সন্তান অপহরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আবদুল্লাহ আল মাহফুজ নামে এক ব্যক্তি। গত শুক্রবার সকালে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল মাহফুজ অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক জোবায়দুল ইসলাম শামীম দীর্ঘদিন ধরে তার স্ত্রী খাদিজাকে মিথ্যা আশ্বাস ও প্রলোভনের মাধ্যমে মানসিকভাবে প্রভাবিত করে আসছিলেন। একপর্যায়ে চলতি মাসের ১ জানুয়ারি রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পোল্লাকান্দী গ্রামে তার স্ত্রীর সঙ্গে অনৈতিক অবস্থায় শামীমকে এলাকাবাসী আটক করে। এ সংক্রান্ত বিষয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় বলে জানান তিনি।
তিনি আরও বলেন, এর আগেও শামীম তার স্ত্রীকে উত্যক্ত করার সময় ধরা পড়ে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে প্রতিশ্রুতি দেন। পারিবারিক শান্তির স্বার্থে তখন বিষয়টি মীমাংসা করা হয়। তবে পরবর্তীতে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।
আবদুল্লাহ আল মাহফুজের অভিযোগ, ১ জানুয়ারি রাত ৯টার দিকে তার স্ত্রীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে জানতে পারেন, পূর্বপরিকল্পিতভাবে শামীম তার বসতঘরে প্রবেশ করেন। তিনি বাড়িতে ফিরে এ ঘটনায় মামলা ও আইনানুগ ব্যবস্থা নিতে চাইলে শামীম স্থানীয় প্রভাবশালীদের ডেকে এনে ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে শামীম ও তার সহযোগীরা জোরপূর্বক তার স্ত্রী ও নাবালক সন্তানকে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় তিনি দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান। পাশাপাশি বিষয়টি দলীয় ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে অবহিত করা হলেও নামমাত্র শোকজ ছাড়া কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, বর্তমানে শামীম সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে তার স্ত্রীর সঙ্গে মিথ্যা বৈবাহিক পরিচয় দিয়ে অপপ্রচার চালাচ্ছেন।
এমতাবস্থায় প্রশাসনের কাছে দ্রুত অভিযুক্ত জোবায়দুল ইসলাম শামীমকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ এবং জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাতের কাছেও ন্যায়বিচার কামনা করেন।

Advertisement
Advertisement