মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে হৃদয় হাসান (২৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা।
শুক্রবার (সকাল ৯টা) গুরুতর আহত অবস্থায় হৃদয় হাসানকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি পুলিশ কেস হওয়ায় পুলিশ আসতে পারে এমন আশঙ্কায় স্বজনরা দ্রুত মরদেহ বাড়িতে নিয়ে যান।
নিহত হৃদয় হাসান উপজেলার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকার হাসান আলী ফকিরের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং সেনাবাহিনীর একটি ক্যাম্পে কাজ করছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
নিহতের বড় ভাই অভিযোগ করে বলেন, কাজ করার সময় বিদ্যুৎ স্পর্শে আহত হয়ে তার ভাইকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক যথাযথ পরীক্ষা না করেই তাকে মৃত ঘোষণা করেন। তার দাবি, চিকিৎসকদের অবহেলার কারণেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, হাসপাতালে গরিব রোগীদের প্রতি অবহেলা করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় না।
এ বিষয়ে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সালেহ মেহেদী বলেন, সকালে বিদ্যুৎস্পৃষ্ট এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। রোগীর ব্লাড প্রেসার, পালস ও ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা করা হয়। সব রিপোর্ট পর্যালোচনা করে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে রোগীর স্বজনরা পুলিশ কেসের ভয়ে মরদেহ বাড়িতে নিয়ে যান। প্রায় এক ঘণ্টা পর আবার মরদেহ হাসপাতালে আনা হলে পুনরায় পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি আগেই মারা গেছেন। এরপর স্বজনদের শান্ত করে মরদেহ হস্তান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগীকে মৃত ঘোষণা করেছেন। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তদন্ত সাপেক্ষে দেখা হবে বলেও তিনি জানান।
মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, চিকিৎসকের গাফিলতির অভিযোগ স্বজনদের
Oplus_131072




