মুক্তকাল ডেক্স:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির সহযোগী সংগঠনের এক নেতাসহ সংঘবদ্ধ চক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে পৃথক দুটি অভিযানে উপজেলার কাজি মার্কেট এলাকার একটি বাসা ও থানার সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, পরীক্ষা শুরুর আগে কাজি মার্কেটের পেছনের একটি বাসায় অভিযান চালিয়ে সেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামসহ ছয়জনকে আটক করা হয়। তারা প্রশ্নপত্রের ফটোকপি ব্যবহার করে উত্তর প্রস্তুত করছিলেন। প্রাথমিকভাবে মিনারুল ইসলামসহ চারজনকে প্রশ্নফাঁস চক্রের সক্রিয় সদস্য বলে ধারণা করা হচ্ছে।
পরে থানার সামনে একটি গাড়ির গতিরোধ করে চালকসহ আরও পাঁচজনকে আটক করা হয়। তারা প্রশ্নপত্রের ফটোকপি ও ডিজিটাল ডিভাইস নিয়ে পালানোর চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে প্রকৃত পরীক্ষার্থী ও ভুয়া পরীক্ষার্থী (প্রক্সি) রয়েছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা প্রশ্নপত্রের ফটোকপির সঙ্গে পরীক্ষায় ব্যবহৃত প্রশ্নপত্রের মিল আছে কি না—তা যাচাই করা হচ্ছে।
আটক মিনারুল ইসলাম উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাইয়ুম বলেন, অভিযুক্ত মিনারুল ইসলাম আমাদের কমিটির যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঘটনার পর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। তিনি বলেন, আটক সবাইকে আইনের আওতায় আনা হবে এবং প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্নপত্র ফাঁস: বিএনপি নেতাসহ ১১ জন আটক
Oplus_131072




