মুক্তকাল ডেক্স:
গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদের সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনমতের প্রতিফলন হওয়া অত্যন্ত জরুরি। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেখানে গণভোটে ‘না’ বলার কোনো সুযোগ নেই।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ী তাঁতিপাড়ায় নিজ পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল জানান, বর্তমানে যেসব সংস্কার প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার অনেকগুলোই বিএনপি এর আগে ২০১৬ ও ২০২৩ সালে ঘোষিত ‘৩১ দফা’র মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছিল। সংস্কারের এই ধারাকে এগিয়ে নিতে জনগণের রায়ই চূড়ান্ত বলে মন্তব্য করেন তিনি।
এ সময় দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, সারা দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে থাকলেও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে গভীর উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে।
তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি রাজনৈতিক নেতৃবৃন্দকে, বিশেষ করে বিএনপির বহু নেতাকর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তীব্র নিন্দা জানান তিনি। নির্বাচনের প্রাক্কালে সহিংসতা রোধ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকারকে আরও সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপি মহাসচিব।
গণভোটে না বলার সুযোগ নেই – মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Oplus_131072




