হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীতে ঐতিহ্যবাহী শিক্ষামূলক সংগঠন প্রত্যয় বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত প্রত্যয় সৃজনশীল মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে উপজেলার তিনটি কেন্দ্র হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, কাটিরহাট উচ্চ বিদ্যালয় এবং ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সংগঠন সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার শিক্ষার্থী এবারের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও প্রতিযোগিতামূলক দক্ষতা যাচাইয়ের উদ্দেশ্যেই এ পরীক্ষার আয়োজন করা হয়।
পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফিরোজ চৌধুরী। তার দিকনির্দেশনায় তিনটি কেন্দ্রে মোট ১৫০ জন শিক্ষক কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নজরদারি ও শৃঙ্খলা বজায় রাখা হয়।
পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সাবেক সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মির্জা শহিদুল্লাহ বাবুল, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই-জাহান, প্রত্যয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মো. ফিরোজ চৌধুরী, নলেজ স্কুল অ্যান্ড কলেজের প্রধান মোহাম্মদ ওসমান, সাংবাদিক জিয়া চৌধুরী, ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, সচেতন নাগরিক কমিটির সভাপতি মো. নুর নবী চৌধুরী, সাংবাদিক মো. বোরহান উদ্দিন, আবু মুসা জয়, সংগঠনের উপদেষ্টা মোশাররফ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কাদের, সভাপতি সাজিদুল ইমরান, সহ-সভাপতি আশরাফ হোসেন ফাহিম ও সাধারণ সম্পাদক শাহেদ বিন আলী আজাদসহ সংশ্লিষ্টরা।
পরিদর্শনকালে অতিথিরা পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
প্রত্যয় বাংলাদেশ এর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কাদের বলেন, “মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যেই নিয়মিত এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে প্রত্যয় বাংলাদেশ।”




