সাজ্জাদ হোসাইন শাহিন, মেলান্দহ প্রতিনিধি:
সোনালি ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীদের মেধা বিকাশে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মেলান্দহ সদর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হল রুমে কিশোর কণ্ঠ পাঠক ফোরামের জামালপুর জেলার উদ্যোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্র জানায়,জেলার ৯টি কেন্দ্রে ৩ হাজার পরীক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে
মেলান্দহ উপজেলার ১ টি কেন্দ্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষাকালীন শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন।
কিশোরকন্ঠ পাঠক ফোরাম মেলান্দহের পরিচালক হাফেজ আরিফুল ইসলাম জানান, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খুব শিগগিরই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলেও তারা উল্লেখ করেন।




