বকশিগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে প্রোগ্রেস এনজিও। উপজেলার নামাপাড়া শহীদ তিতুমীর মডেল মাদরাসায় গত ২৯ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প।
ক্যাম্পে প্রায় তিন শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা শেষে বাছাই করে ৪৫ জন ছানি রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে ৩০ জন রোগীকে একই দিন জামালপুর ইস্পাহানি ইসলামি চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করা হয়। অপারেশনের পর থাকা-খাওয়া, চিকিৎসা ও সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করে ৩১ মার্চ তাদের সুস্থভাবে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
অপরদিকে, অবশিষ্ট ১৫ জন রোগীকেও ৩১ মার্চ ফ্রি ছানি অপারেশনের জন্য জামালপুর ইস্পাহানি ইসলামি চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে। রোগীদের যাতায়াত, থাকা, খাওয়া, ওষুধ, চিকিৎসা এবং লেন্সসহ সকল সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন বকশিগঞ্জের সুপরিচিত সমাজসেবক অ্যাডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন। এছাড়াও সহযোগিতা করেন শহীদ তিতুমীর মডেল মাদরাসার শিক্ষকবৃন্দ, বকশিগঞ্জ ছাত্র সংগঠনের সভাপতি রেজুয়ান, বুলবুল, শ্রমিক শাখার আবুল খায়েরসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা।
চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন শহিদুল্লাহ খানসহ প্রোগ্রেস এনজিওর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট ইলিয়াস হোসাইন বলেন, “মানুষের সেবা করতে পারা আমার কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যতদিন বেঁচে থাকব, ততদিন মানুষের কল্যাণে কাজ করে যাব।” তিনি সকলকে সামাজিক ও মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং প্রোগ্রেস এনজিও ও ইস্পাহানি ইসলামি চক্ষু হাসপাতাল, জামালপুর শাখাকে ধন্যবাদ জানান।
স্থানীয়ভাবে আয়োজিত এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং দরিদ্র রোগীদের মাঝে নতুন করে আলোর আশা জাগিয়েছে।




