Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:37 pm
অন্যান্য

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় সরকারকে হুঁশিয়ারি মির্জা ফখরুলের

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় সরকারকে হুঁশিয়ারি মির্জা ফখরুলের

Oplus_131072

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় সরকারকে হুঁশিয়ারি মির্জা ফখরুলের

এআর রহমান বিশেষ প্রতিনিধি:

Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি এ ঘটনার সম্পূর্ণ দায় সরকারের ওপর বর্তাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে মির্জা ফখরুল লেখেন, “বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তার দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকাহত জাতি যখন তাঁর আত্মার মাগফিরাত কামনা করছে, ঠিক সেই সময় ডেইলি স্টার ও প্রথম আলোসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং বরেণ্য সাংবাদিক নূরুল কবীরের ওপর হীন হামলা চালানো হয়েছে।”

তিনি বলেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগিয়ে যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, তারা দেশের শত্রু। “এরা সংকটের অপেক্ষায় থাকে এবং দুঃখভারাক্রান্ত সময়কে সন্ত্রাসে রূপ দেয়। আমি এই সন্ত্রাসের তীব্র নিন্দা জানাচ্ছি। সরকারকে অবশ্যই এর পূর্ণ দায় নিতে হবে,”—যোগ করেন বিএনপি মহাসচিব।

প্রায় এক বছরের বেশি সময় ধরে মব সন্ত্রাসের কারণে জাতি বিভক্ত হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল আরও লেখেন, “হাদি নির্বাচনে প্রার্থী ছিলেন, তিনি জনগণের দ্বারে দ্বারে গিয়েছিলেন। নির্বাচন হবে, বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে—ইনশাআল্লাহ। হাদির হত্যাকারীসহ প্রতিটি মব সন্ত্রাসের বিচার নিশ্চিত করতে হবে।”

পোস্টের শেষাংশে তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা। এ লক্ষ্যে সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Advertisement