সাজ্জাদ হোসাইন শাহিন,মেলান্দহ প্রতিনিধি:
জামালপুর ও শেরপুর জেলার বহুল প্রচারিত দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদক, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট নূরুল হক জঙ্গির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিকাল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উমির উদ্দিন পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোহন তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিএনপি নেতা একেএম ইহসানুল হক মঞ্জু।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত নূরুল হক জঙ্গির কর্মময় জীবন, সাংবাদিকতায় সততা, নিরপেক্ষতা ও এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। স্মৃতিচারণ করেন নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা, জামালপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবুর রহমান আজাদী, সাবেক বিএনপি নেতা ও সাংবাদিক আজম খান, সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, ডেইলি ফ্রন্ট পত্রিকার সম্পাদক মেহেরুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজান তালুকদারসহ আরও অনেকে।
এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে প্রয়াত সাংবাদিক নূরুল হক জঙ্গির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




