Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
অন্যান্য

বকশীগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগানে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

বকশীগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগানে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন নেতা-কর্মী সকালে দলীয় কার্যালয়ে সমবেত হয়ে প্রথমে জাতীয় পতাকা এবং পরে দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং ভাষা আন্দোলনের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল এবং নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহসহ কয়েকজন নেতা-কর্মী।

স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর পর দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপস্থিতি দেখা গেল। তবে পতাকা উত্তোলন ও মোনাজাত শেষে তারা দ্রুত স্থান ত্যাগ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয়। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এবং দলীয় কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল।

সর্বশেষ এই পতাকা উত্তোলনের ঘটনায় বগারচর ইউনিয়নে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হলেও তাৎক্ষণিকভাবে বিএনপি বা জামায়াতের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য জানা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Advertisement