জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী মোঃ আমিনুলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ আমিনুল দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর এলাকার আমজলের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক বলেন, ২০১৮ সালে সুরুজ্জামান তার মেয়ে সুজলা আক্তারকে মোঃ আমিনুলের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর দীর্ঘদিন তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও বিয়ের চার বছর পর ২০২২ সালে এসে একপর্যায়ে আসামি তার স্ত্রীর কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করেন। তবে সুজলা আক্তার যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন যৌতুকের দাবিকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে আমিনুল তার স্ত্রীকে তলপেটে লাথি মারেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান সুজলা আক্তার।
তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের বাবা সুরুজ্জামান বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ১৩ জন সাক্ষী আদালতে উপস্থাপন করে। এছাড়া আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, যেখানে তিনি তার স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।




