মাদারগঞ্জ প্রতিনিধি:
মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, তিনি শুধু একটি দলের প্রতিনিধি নন, বরং সব মত ও দলের মানুষের প্রতিনিধি হিসেবেই দায়িত্ব পালন করতে চান।
বুধবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দীর্ঘ ২০ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন, যা দেশের মানুষের সেবায় নতুন অধ্যায় রচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, গত ১২ তারিখ অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে চরপাকেরদহ ইউনিয়নবাসী বিপুল ভোটে তাকে নির্বাচিত করেছেন। যারা ভোট দিয়েছেন, যারা দেননি কিংবা দেওয়ার সুযোগ পাননি—সবার প্রতিই তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাদারগঞ্জের মানুষের প্রতিনিধি হিসেবে আগামী পাঁচ বছর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, সহ সভাপতি আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মজনু ফকির এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুখলেস।
১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আলম স্বপনের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা রাশেদ মোশারফ।
এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে তিনি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন ফিরোজের নেতৃত্বে শিক্ষকবৃন্দ এবং এফকেএটিএসএসকেএ দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি শাহ মো. জেকরুল ইসলাম সুজন ও সুপার মাওলানা আ. বারীর নেতৃত্বে শিক্ষকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।




