স্টাফ রিপোর্টার:
পবিত্র রমজান উপলক্ষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়ে গণ-ইফতার ও সিরাত প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (১ মার্চ) জামালপুর শহরের ব্রহ্মপুত্র কমিউনিটি সেন্টারে জাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬ শতাধিক সাধারণ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা এবং সবাইকে একত্রিত করার উদ্দেশ্যে ভেন্যু পরিবর্তন করে বড় পরিসরে আয়োজন করা হয়। নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা থাকায় তারাও স্বাচ্ছন্দ্যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
জাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফাহাদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা আমির আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা সভাপতি আসাদুল ইসলাম, সাবেক জেলা সভাপতি প্রভাষক মোহাম্মদ আলী, জিয়াউল হক এবং জামায়াতের শহর শাখার আমির আল ইমরান সুজন।
এর আগে রোববার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত শহরের ৫ রাস্তা মোড়ে অবস্থিত উইজডোম কলেজে সিরাত প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘আদর্শ মানব মুহাম্মদ (সা.)’ বইয়ের ওপর ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায়
প্রথম স্থান অর্জন করেন সিএসই বিভাগের শিক্ষার্থী সাবিহা ফারহিয়া তালুকদার (২ হাজার টাকা, বই ও ক্রেস্ট)।
দ্বিতীয় স্থান অর্জন করেন ইইই বিভাগের মাসরুর জামান মোল্লা (১,৫০০ টাকা ও উপহার)।
তৃতীয় স্থান অর্জন করেন সমাজকর্ম বিভাগের নাঈমুর রহমান (১,০০০ টাকা ও উপহার)।
এছাড়া
চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেন মো. মাসুদ রানা ও রাবেয়া খাতুন।
ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারী মুশফিকুর রহমান খন্দকার, রিজান্তা ইশিতা তৃপ্তি, নুসরাত জাহান কনা, মিমি ও সা. মাজিদ হোসেন বিশেষ শুভেচ্ছা উপহার পান।
ছাত্রশিবিরের জাবিপ্রবি শাখার সেক্রেটারি ফাহাদ আহমদ বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি এবং মহানবী (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে জানার আগ্রহ তৈরির লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।
ইফতার মাহফিলে আগত সকল শিক্ষার্থীর মাঝে রমজান ক্যালেন্ডার, ‘রমজানের ডাক’ প্রকাশনা এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির নসিহা বিতরণ করা হয়।
শতাধিক শিক্ষার্থীদের নিয়ে শিবিরের গণ-ইফতার ও সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Oplus_131072




