মেলান্দহ প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, হত্যাচেষ্টা ও লুটপাটের অভিযোগ উঠেছে। তবে অভিযুক্তরা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।
ঘটনাটি ঘটে গত বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে মেলান্দহ থানাধীন চর গোবিন্দী এলাকায়। এ ঘটনায় মোছাঃ গোলাপী বেগম (৫০) গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধের জেরে মোঃ সোলাইমান, মোঃ জাহাঙ্গীর, মোঃ হুমায়ুনসহ ৭ জন নামীয় এবং অজ্ঞাত আরও ২/৩ জন দেশীয় অস্ত্র নিয়ে তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। এ সময় ঘরের স্টিলের আলমারির তালা ভেঙে নগদ ৯ লাখ টাকা ও প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা গোলাপী বেগমকে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে এবং এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে অভিযুক্তদের একজন মোঃ সোলাইমান অভিযোগ অস্বীকার করে বলেন, “বাড়িঘরে হামলার ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাদের সঙ্গে জমি সংক্রান্ত মারামারি হওয়ার পর আমরা মামলা করেছিলাম। সেই মামলায় ইসলামপুর থানার পুলিশ তাদের ধরতে গেলে তারা পুলিশের সঙ্গে অশোভন আচরণ করে। পরে প্রতিশোধমূলকভাবে আমাদের নামে মিথ্যা হামলার অভিযোগ তুলেছে।”
এ বিষয়ে মেলান্দহ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।




