মুক্তকাল ডেক্স:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ রাখা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টা ৪১ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার, শহীদ হাদি ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত ভারত ফিরিয়ে না দেবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে।’
একই পোস্টে তিনি আরও লেখেন, ‘Now or Never. We are in a war! (এখন না হলে কখনো না। আমরা যুদ্ধে আছি!)’
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এবং ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম।
এদিকে, রাতেই নিজেদের ফেসবুক পেজে হাদির মৃত্যুর তথ্য নিশ্চিত করে ইনকিলাব মঞ্চ। সেখানে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’




