মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে হলি মিশন হাইস্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল, মেধাবীদের পুরস্কার বিতরণী ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয়। এতে প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং পরে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হলি মিশন শিক্ষা পরিবারের চেয়ারম্যান আবু সাইম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এসএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি সৎ, আদর্শবান ও দক্ষ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এছাড়াও বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান সেলিম, নির্বাহী পরিচালক শরিফুল ইসলাম এবং সাবেক প্রধান শিক্ষক ও একাডেমিক পরিচালক ফরহাদ হোসেন। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সঠিক দিকনির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।
পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রদান করা হয়, যেখানে বিভিন্ন পেশা ও উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বিদায়ী শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সকলের দোয়া কামনা করেন।




