জাবিপ্রবি প্রতিনিধি:
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর স্মরণে আয়োজিত ‘জুলাই স্মৃতি ২০২৪ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’-এর চূড়ান্ত পর্বে ২-১ গোলের ব্যবধানে গণিত বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেছে ব্যবস্থাপনা বিভাগ।
বুধবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রধান খেলার মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে ব্যবস্থাপনার হয়ে গোল করেন লিটন ও হামজা। অপরদিকে, গণিত বিভাগের একমাত্র গোলটি করেন খেলোয়াড় হামিম।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রথমার্ধেই লিটনের গোলে লিড নেয় ব্যবস্থাপনা বিভাগ। এরপর গণিত বিভাগের গোলকিপার আহত হলে খেলা কিছু সময়ের জন্য থেমে যায়। কিছুক্ষণ বিরতির পর পুনরায় শুরু হয় খেলা। দ্বিতীয়ার্ধে গণিত বিভাগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং হামিম একটি গোল করে সমতা ফেরায়। এরপর শেষ মুহূর্তে হামজার দুর্দান্ত একটি গোল ব্যবস্থাপনাকে শিরোপা এনে দেয়। ফাইনালে অসাধারণ নৈপুণ্যের জন্য ব্যবস্থাপনা বিভাগের মেহেদী ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
টুর্নামেন্ট শুরু হয়েছিল গত ১৫ জুলাই। এতে বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগ অংশগ্রহণ করে। গ্রুপপর্ব ও সেমিফাইনাল অতিক্রম করে ফাইনালে উঠে আসে ব্যবস্থাপনা ও গণিত বিভাগ। সেমিফাইনালে ব্যবস্থাপনা বিভাগ টাইব্রেকারে ৫-৪ গোলে ফিশারিজ বিভাগকে এবং গণিত বিভাগ ১-০ গোলে সমাজকর্ম বিভাগকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
টুর্নামেন্টজুড়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও ক্রীড়াসুলভ মনোভাব ছিল চোখে পড়ার মতো। প্রতিটি ম্যাচেই দর্শকদের উপস্থিতি ছিল উল্লেযোগ্য। আয়োজকেরা জানান, কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই টুর্নামেন্ট সম্পন্ন হওয়াকে তারা সফলতা হিসেবে দেখছেন।
টুর্নামেন্টে আরও কয়েকটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়। ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন ব্যবস্থাপনা বিভাগের মোজুল ত্রিপুরা। ৩টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান সমাজকর্ম বিভাগের শামীম আকন্দ। সেরা গোলকিপার হন গণিত বিভাগের জাকিব।
ফাইনাল ম্যাচ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ রেফারিবৃন্দ—মোঃ কবুল হুসাইন রবিন, মোঃ কানন মিয়া, মোঃ জুলহাস উদ্দিন ও মোঃ গোলাম মোস্তফা। খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনের লবিতে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি, মেডেল ও সনদ প্রদান করা হয়। একক পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দেরও সম্মাননা দেওয়া হয়। আয়োজক কমিটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া হয় মেডেল, সনদপত্র এবং ১০টি করে ১০০ টাকার প্রাইজবন্ড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। তিনি বলেন, “জাবিপ্রবির খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও অংশগ্রহণ করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “১৫ জুলাই থেকেই ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে ধারাবাহিকভাবে নানা আয়োজন চলছে, এই টুর্নামেন্ট তারই অংশ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন এবং সম্মানিত অতিথি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুর হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, আয়োজক কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহম্মদ শাহজালাল, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পুরস্কার বিতরণী এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. সৈয়দ নাজমুল হুদা। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি, চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের নিয়ে এক বিশেষ ডিনার পার্টির আয়োজন করা হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।





