মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১০টি সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গুনারীতলা ইউনিয়নের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রাশেদুল ইসলাম। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় বন্ধ ছিল। তবে বিদ্যালয়ের ওয়াশ ব্লকের কাজ চলমান ছিল।
প্রধান শিক্ষক কাজ পরিদর্শনে গিয়ে ভবনের দ্বিতীয় তলায় উঠে একটি কক্ষের দরজা খোলা দেখতে পান। পরে ভিতরে প্রবেশ করে দেখেন, দুটি শ্রেণিকক্ষের প্রতিটিতে থাকা পাঁচটি করে মোট ১০টি সিলিং ফ্যান নেই। ধারণা করা হচ্ছে, সেগুলো চুরি হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে থানায় অভিযোগ করতে বলা হয়।
প্রধান শিক্ষক মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ফ্যান চুরির ঘটনায় তিনি হতবাক। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



